গুড ফ্রাইডেতে সোনার বাজারে বড় ধস, এক ধাক্কায় অনেকটা কমল দাম

২০২৬ সালের গুড ফ্রাইডেতে ভারতীয় বুলিয়ন বাজারে বড়সড় স্বস্তির খবর এল। গত কয়েকদিন টানা আকাশছোঁয়া বৃদ্ধির পর আজ হুড়মুড়িয়ে পড়ল সোনার দাম। বাজার সূত্রে খবর, আজ ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৩,৯৮০ টাকা কমেছে। গত তিন দিনে প্রতি ১০০ গ্রামে প্রায় ৩৩,৯০০ টাকা বাড়ার পর এই আকস্মিক দরপতন মধ্যবিত্ত ক্রেতা ও বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে। গয়না কেনার আগে বর্তমান বাজারদর যাচাই করে নেওয়া এখন অত্যন্ত জরুরি।
তথ্য অনুযায়ী, আজ প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার বাজারদর দাঁড়িয়েছে ১,৪৮,৯৭০ টাকা, যা গতকালও ছিল ১,৫২,৯৫০ টাকার ঘরে। পাইকারি ক্রেতাদের জন্য স্বস্তি আরও বেশি, কারণ ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম এক ধাক্কায় ৩৯,৮০০ টাকা হ্রাস পেয়েছে। ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সেগমেন্টেও আজ বড় দরপতন লক্ষ্য করা গেছে। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৩,৬৫০ টাকা কমে ১,৩৬,৫৫১ টাকায় নেমে এসেছে। অন্যদিকে, ১৮ ক্যারেট সোনার ক্ষেত্রে ১০ গ্রামের দাম ২,৯৮০ টাকা কমে দাঁড়িয়েছে ১,১১,৭৩০ টাকায়। সোনার বাজারে অস্থিরতা থাকলেও রুপার দাম আজ ২,৫০,০০০ টাকায় স্থিতিশীল রয়েছে।
শহরভেদে সোনার দামের কিছুটা তারতম্য আজও বজায় রয়েছে। তিলোত্তমা কলকাতা, মুম্বাই এবং হায়দ্রাবাদে ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামে ১,৪৮,৯৭০ টাকায় বিকোচ্ছে। রাজধানী দিল্লি, লখনউ এবং নয়ডার মতো শহরগুলোতে এই দাম ১,৪৯,১২০ টাকা। দক্ষিণ ভারতের চেন্নাইতে দাম তুলনামূলক চড়া, সেখানে ২৪ ক্যারেট সোনা ১,৫০,০০০ টাকার গণ্ডি ছুঁয়েছে। উৎসবের মরসুমে সোনার এই দরপতন বাজারে নতুন করে চাহিদার সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মেট্রো শহরগুলোর পাশাপাশি পাটনা, ইন্দোর এবং পুনেতেও সোনার দামে উল্লেখ্যযোগ্য পরিবর্তন লক্ষ্য করা গেছে।
