গুরুগ্রামে মাঝরাস্তায় উবার চালকের মদ্যপানের আবদার, ভাইরাল ভিডিওর জেরে কড়া পদক্ষেপ সংস্থার – এবেলা
এবেলা ডেস্কঃ
গুরুগ্রামে এক উবার যাত্রীর ভয়াবহ অভিজ্ঞতার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। মানব নামের ওই যাত্রী অভিযোগ করেন, গন্তব্যে যাওয়ার পথে চালক হঠাৎ মদের দোকানের সামনে অটো থামিয়ে তাঁকে মদ কিনে দেওয়ার আবদার করেন। যাত্রী রাজি না হওয়ায় মাঝরাস্তায় অটো খারাপের অজুহাত দিয়ে ট্রিপ বাতিল করে দেন ওই চালক। নিরাপত্তার স্বার্থে যাত্রী পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেন।
ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনরা ক্ষোভ উগরে দিয়েছেন। বিশেষ করে নারী নিরাপত্তার বিষয়টি নিয়ে অনেকেই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা যায়, চালক নিজের দোষ অস্বীকার করলেও তাঁর আচরণ ছিল সন্দেহজনক। অনেকেই যাত্রীর সাহসিকতার প্রশংসা করে জানিয়েছেন, চালকদের এই ধরণের অপেশাদার ও অনৈতিক আচরণ যাত্রী সুরক্ষাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়।
পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছে উবার কর্তৃপক্ষ। সংস্থার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে যে, ওই চালকের অ্যাপ ব্যবহারের অনুমতি কেড়ে নেওয়া হয়েছে। উবার স্পষ্ট করেছে যে, এই ধরণের আচরণ তাদের নির্দেশিকার পরিপন্থী। পাশাপাশি যাত্রীদের বিপদে পড়লে ২৪x৭ সেফটি লাইন বা অ্যাপের অডিও রেকর্ডিং ফিচার ব্যবহারের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট সংস্থাটি।

