গুলমার্গের বরফে উষ্ণতা ছড়াচ্ছেন সন্দীপ্তা! এক রাতের হোটেল ভাড়ায় কেনা যাবে বিলাসবহুল গাড়ি?
কাশ্মীরের গুলমার্গে হাড়কাঁপানো ঠান্ডার মাঝেই সুইমিং পুলের নীল জলে উষ্ণতা ছড়াচ্ছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। ‘দ্য খাইবার হিমালয়ান রিসর্ট অ্যান্ড স্পা’-র এই হিটিং সিস্টেমযুক্ত পুলে তাঁর ছুটির মেজাজের ছবি বর্তমানে নেটপাড়ায় দারুণ চর্চিত। গন্ডোলা রাইডের কাছে অবস্থিত এই বিলাসবহুল রিসর্টটি তার নান্দনিক অন্দরসজ্জা এবং পাহাড়ের মোহময়ী দৃশ্যের জন্য তারকাদের অন্যতম পছন্দের গন্তব্য।
তবে এই রাজকীয় অভিজ্ঞতার খরচও আকাশছোঁয়া। রিসর্টটিতে এক রাত কাটানোর সর্বনিম্ন খরচ করসহ প্রায় ৩২ হাজার টাকা। অন্যদিকে, এখানকার সবথেকে দামি প্রেসিডেন্সিয়াল সুইটের এক রাতের ভাড়া করসহ ৪ লক্ষ টাকা ছাড়িয়ে যায়। ভ্রমণপিপাসু সন্দীপ্তা ও তাঁর স্বামী সৌম্যর এই বিলাসবহুল যাপনের খবর অনুরাগীদের মধ্যে রীতিমতো বিস্ময় তৈরি করেছে।

