গৃহশিক্ষকের গ্রেফতারে অনড় শঙ্কর ঘোষ, উত্তপ্ত শিলিগুড়িতে বন্ধ নির্বাচনী প্রচার – এবেলা
এবেলা ডেস্কঃ
শিলিগুড়ির কুলিপাড়ায় এক কিশোরীর রহস্যমৃত্যুর ঘটনায় সোমবার রণক্ষেত্রের চেহারা নিল জংশন ও হিলকার্ট রোড এলাকা। মূল অভিযুক্ত গৃহশিক্ষক এখনও গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। ঘটনার প্রতিবাদে নিজের সমস্ত নির্বাচনী প্রচার বাতিল করে বিআর আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনায় বসেন তিনি। শঙ্করবাবুর সাফ বক্তব্য, ভোট নয়, অপরাধীকে পাকড়াও করাই এখন অগ্রাধিকার।
নিহতের পরিবারের অভিযোগ, বিবাহিত ওই গৃহশিক্ষকের সঙ্গে কিশোরীর সম্পর্কের টানাপড়েনের জেরেই এই মর্মান্তিক পরিণতি। এদিন সকালে নিহতের বাড়ির সামনে থেকে বিশাল প্রতিবাদ মিছিল বের হলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় ধস্তাধস্তি হয়। উত্তেজিত জনতা এয়ারভিউ মোড়ে পথ অবরোধ করে মহকুমাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভে শামিল হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
গত রবিবার কিশোরীর দেহ উদ্ধারের পর থেকেই শিলিগুড়িতে উত্তেজনা তুঙ্গে। অভিযুক্তকে আড়াল করার চেষ্টার অভিযোগে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাজপথ স্তব্ধ করে দিয়েছেন। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও মূল অভিযুক্ত অধরা থাকায় পুলিশের ওপর আস্থা হারাচ্ছেন শহরবাসী। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। বর্তমানে জংশন এলাকা থমথমে এবং থমকে গিয়েছে স্বাভাবিক জনজীবন।

