গেম থেকে প্রেম, তারপর নৃশংসতা, বালুরঘাটে বিহারি গ্যাংয়ের তাণ্ডবে রক্তাক্ত তরুণী! – এবেলা
এবেলা ডেস্কঃ
অনলাইনে গেম খেলার সূত্রে গড়ে ওঠা প্রেমের সম্পর্ক ছিন্ন করায় বালুরঘাটের রাস্তায় এক কলেজ ছাত্রীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ উঠল বিহারের এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দলবল নিয়ে বিহার থেকে এসে পরিকল্পিতভাবে ওই তরুণীর ওপর হামলা চালায় প্রাক্তন প্রেমিক। প্রকাশ্য রাস্তায় চুলের মুঠি ধরে মারধর করার পাশাপাশি ছাত্রীর মোবাইল ও মানিব্যাগ কেড়ে নিয়ে নর্দমায় ফেলে দেয় অভিযুক্তরা।
মঙ্গলবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। আক্রান্ত ছাত্রী ওই রাতেই বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর অভিযুক্তরা বিহারে পালিয়ে গেলেও তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। পুলিশ সুপার জানিয়েছেন, পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের ধরতে তল্লাশি চলছে। এই ঘটনায় স্থানীয় জনমনে তীব্র আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

