লেটেস্ট নিউজ

গোপালনগরে পুলিশের হানা ১৮টি সিলিন্ডারসহ গ্রেফতার বড়সড় গ্যাস পাচারকারী – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির আবহে রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এই সংকটের সুযোগ নিয়ে রাজ্যে যাতে রান্নার গ্যাসের কালোবাজারি না হয়, সে বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, সাধারণ মানুষের স্বার্থে কোনোভাবেই অবৈধ মজুত বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সক্রিয় হয়েছে পুলিশ প্রশাসন।

গ্যাসের এই কালোবাজারি রুখতে বুধবার বড়সড় সাফল্য পেল বনগাঁ পুলিশ জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও গোপালনগর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গোপালনগর থানার চালকি এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ বাহিনী। সেখান থেকেই ১৮টি ভর্তি রান্নার গ্যাস সিলিন্ডারসহ বিশু শেখ নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

পুলিশি তদন্তে জানা গেছে, ধৃত ব্যক্তি নিজের বাড়িতে অবৈধভাবে এই বিপুল পরিমাণ সিলিন্ডার মজুত করে রেখেছিল। এই গ্যাস সিলিন্ডারগুলি মূলত চড়া দামে কালোবাজারি করা এবং অবৈধভাবে বিভিন্ন গ্যাস চালিত গাড়িতে ব্যবহারের জন্য মজুত করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার নেপথ্যে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *