গোরক্ষপুর এমস-এ মহিলা চিকিৎসকের শ্লীলতাহানি ও বর্ণবিদ্বেষী হেনস্থা, গ্রেপ্তার ২
উত্তরপ্রদেশের গোরক্ষপুর এমস-এ কর্মরত নাগাল্যান্ডের এক মহিলা চিকিৎসককে শ্লীলতাহানি ও বর্ণবিদ্বেষী হেনস্থার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২২ ফেব্রুয়ারি রাতে ডিউটি শেষে ফেরার পথে তিন যুবক বাইক নিয়ে প্রায় দেড় কিলোমিটার তাঁর পিছু নেয়। অভিযুক্তরা ওই চিকিৎসকের জাতিগত পরিচয় নিয়ে কুরুচিকর মন্তব্য করার পাশাপাশি তাঁকে অশালীনভাবে স্পর্শ করে বলে অভিযোগ।
নির্যাতিতার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ দেওরিয়া জেলার বাসিন্দা সুরজ গুপ্ত ও অমৃত বিশ্বকর্মা নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে। তবে ঘটনার সঙ্গে জড়িত তৃতীয় অভিযুক্ত এখনও পলাতক। পুলিশ তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে।
এই নক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে চিকিৎসক সংগঠন ‘নাফোর্ড’ এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। উত্তর-পূর্ব ভারতের বাসিন্দাদের প্রতি এমন বর্ণবিদ্বেষমূলক আচরণের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে প্রশাসনের কাছে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

