গৌতম গম্ভীরকে ছেঁটে ফেলে নতুন কোচ খুঁজছে বিসিসিআই? বড় আপডেট দিলেন বোর্ড সচিব
ভারতীয় টেস্ট দলের হতাশাজনক পারফরম্যান্সের জেরে কোচ গৌতম গম্ভীরকে সরিয়ে দেওয়ার জল্পনা তুঙ্গে উঠেছিল। তবে সমস্ত জল্পনা উড়িয়ে বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া স্পষ্ট জানিয়েছেন, এখনই লাল বলের ক্রিকেটে গম্ভীরকে সরানোর কোনো পরিকল্পনা বোর্ডের নেই। ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ গম্ভীরের ওপর এখনও আস্থা রাখছে প্রশাসন। শাস্ত্রী বা দ্রাবিড় জমানার মতো নির্দিষ্ট নিয়ম মেনেই গম্ভীর নিজের কাজ চালিয়ে যাবেন বলে বোর্ড নিশ্চিত করেছে।
সাজঘরের অস্থিরতা এবং ক্রিকেটারদের মধ্যে ছাঁটাই আতঙ্ক নিয়ে নানা প্রশ্ন উঠলেও বোর্ড আপাতত অনড়। গম্ভীরের বিকল্প হিসেবে ভিভিএস লক্ষ্মণও সেভাবে আগ্রহী নন বলে জানা গিয়েছে। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ফলাফলের ওপর গম্ভীরের ভবিষ্যৎ অনেকটা নির্ভর করছে। ঘরের মাঠে হার ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কঠিন সমীকরণের মধ্যেও বোর্ড এখনই কোনো চরম সিদ্ধান্ত নিতে নারাজ। ফলে আপাতত ভারতীয় দলের হটসিটে গম্ভীরই থাকছেন।

