গ্যারেজে ঘুমন্ত হিন্দু যুবককে জীবন্ত পুড়িয়ে মারল দুষ্কৃতীরা, আতঙ্ক বাংলাদেশে – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ধারাবাহিকতায় এবার নরসিংদীতে ২৩ বছর বয়সী এক হিন্দু যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। নরসিংদী পুলিশ লাইনের পাশের একটি গ্যারেজে কর্মরত চঞ্চলচন্দ্র ভৌমিককে শুক্রবার রাতে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারা হয়। সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে পেট্রল ঢেলে গ্যারেজের শাটারে আগুন লাগিয়ে দিতে দেখা গেছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে গ্যারেজের ভেতরে থাকা চঞ্চল আর বের হতে পারেননি। এই বর্বরোচিত ঘটনার পর নরসিংদীসহ আশপাশের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
নিহত চঞ্চল কুমিল্লার বাসিন্দা এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। পরিকল্পিত এই হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় হিন্দু সংগঠনের নেতারা। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। চঞ্চলের পরিবারের সদস্যদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকা, তারা একে স্রেফ দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবেই অভিহিত করেছেন।

