গ্যালারিতে পাকিস্তান ও ইংল্যান্ড সমর্থকদের হাতাহাতি, পরিস্থিতি সামলালেন লঙ্কানরা – এবেলা
এবেলা ডেস্কঃ
শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার রোমাঞ্চকর ম্যাচে মাঠের উত্তেজনা গ্যালারিতেও আছড়ে পড়ল। ম্যাচে ইংল্যান্ড ২ উইকেটে জয়লাভ করলেও গ্যালারিতে দুই দেশের সমর্থকরা বিবাদে জড়িয়ে পড়েন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সাউদ নামক এক পাক সমর্থক এবং এক ইংরেজ সমর্থকের মধ্যে জামা ধরে টানাটানি ও উত্তপ্ত বাক্যবিনিময় চলছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গ্যালারিতে উপস্থিত শ্রীলঙ্কার সমর্থকরা এগিয়ে আসেন। তাঁরা চেয়ারে উঠে দুই পক্ষকে সরিয়ে দিয়ে বিবাদ থামানোর চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীদের মতে, উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে লঙ্কানরা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন। যদিও পাক সমর্থক সাউদের দাবি, ইংরেজ সমর্থক আগে বিয়ারের গ্লাস ছুঁড়ে মারায় তিনি প্রতিবাদ করেছিলেন।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার এক নেটপ্রভাবী জেক জিনিংস আইসিসির কাছে ওই পাক সমর্থকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন। তাঁর অভিযোগ, ওই সমর্থক প্রায়ই গ্যালারিতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। এই ঘটনার ভিডিও ভাইরাল হলেও এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ক্রীড়ামোদীরা গ্যালারিতে এমন অপেশাদার আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন।

