গ্যাসের তীব্র সংকটে বিপাকে বাংলার হোম ডেলিভারি পরিষেবা, আতঙ্কে প্রবীণরা – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যজুড়ে রান্নার গ্যাসের তীব্র সংকটের জেরে চরম অচলাবস্থা তৈরি হয়েছে হোম ডেলিভারি ব্যবসায়। উত্তরপাড়া থেকে নিউ ব্যারাকপুর, মফস্বলের ছোট-বড় সর্বত্রই একই চিত্র। পর্যাপ্ত এলপিজি না থাকায় অনেক ব্যবসায়ী নতুন অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছেন, আবার কেউ কেউ বাধ্য হয়ে পরিষেবা সাময়িকভাবে স্থগিত রেখেছেন। বিকল্প হিসেবে ইন্ডাকশন ব্যবহার করে সীমিত রান্নার চেষ্টা করা হলেও তা চাহিদার তুলনায় অত্যন্ত নগণ্য।
এই পরিস্থিতির ফলে সবথেকে বেশি বিপাকে পড়েছেন একা থাকা অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিকরা। নিজেদের রান্নার পরিকাঠামো না থাকায় তাঁরা মূলত এই হোম ডেলিভারি পরিষেবার ওপরই নির্ভরশীল। খাবার সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় তাঁরা চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। অন্যদিকে, সাধারণ মানুষ নিজেদের ঘরের গ্যাস বাঁচাতে বাইরের খাবারের ওপর নির্ভর করতে চাইলেও মিলছে না পরিষেবা।
ব্যবসায়ীদের একাংশ জানিয়েছেন, নিয়মিত খদ্দেরদের কথা মাথায় রেখে তাঁরা ডাল-ভাতের মতো সামান্য কিছু পদ চালু রাখার আপ্রাণ চেষ্টা করছেন। তবে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ পরিষেবা প্রদান করা আসাম্ভব হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে বহু পরিবার ও ছোট ব্যবসায়ীর হেঁশেল পুরোপুরি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

