গ্যাস সংকটে বিপর্যস্ত দেশের সার উৎপাদন, খরিফ মরসুমের আগে দুশ্চিন্তায় কৃষক মহল – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ায় ইরান, ইসরায়েল ও আমেরিকার ক্রমবর্ধমান সংঘাতের জেরে উত্তাল হরমুজ প্রণালী। এই অস্থিরতার প্রভাবে ভারতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও জ্বালানি আমদানিতে বড়সড়ো বিঘ্ন ঘটেছে। ফলে তীব্র কাঁচামাল সংকটের মুখে পড়েছে দেশের সার উৎপাদন শিল্প। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনসহ বিভিন্ন সরবরাহকারী সংস্থা গ্যাস সরবরাহ কমাতে বাধ্য হওয়ায় একাধিক ইউরিয়া প্লান্টে উৎপাদন ব্যাপকহারে হ্রাস পেয়েছে।
বর্তমানে দেশের অনেক সার কারখানায় উৎপাদন সক্ষমতা অর্ধেকের নিচে নেমে এসেছে। সংশ্লিষ্ট আধিকারিকদের মতে, স্বাভাবিকের তুলনায় মাত্র ৬০ থেকে ৬৫ শতাংশ গ্যাস মিলছে, যার ফলে উৎপাদন খরচ প্রায় ৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ১৯ মার্চ পর্যন্ত দেশে ৬১ লক্ষ টনের বেশি ইউরিয়া মজুত থাকলেও, উৎপাদন ব্যাহত হতে থাকলে আসন্ন খরিফ মরসুমে সারের জোগান নিয়ে কৃষকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
সংঘাতের জেরে জলপথে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় সার শিল্পের পাশাপাশি অন্যান্য উৎপাদন ক্ষেত্রও ক্ষতির সম্মুখীন। কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) জানিয়েছে, গুরুত্বপূর্ণ জলপথ অবরুদ্ধ থাকায় কাঁচামাল আমদানি ও রপ্তানি বাণিজ্য থমকে গেছে। পশ্চিম এশিয়ার এই ভূ-রাজনৈতিক অস্থিরতা বজায় থাকলে ভারতীয় কো ম্পা নিগুলি দীর্ঘমেয়াদী আর্থিক সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

