গ্যাস সংকটে মোদির বিদেশ নীতিকে দায়ী করে ডেরেক ও’ব্রায়েনের অভিনব প্রতিবাদ – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরান-ইসরায়েল যুদ্ধের আবহে দেশে রান্নার গ্যাসের তীব্র সংকটের জন্য মোদি সরকারের ব্যর্থ বিদেশ নীতিকে দায়ী করেছে বিরোধী শিবির। সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক বয়কট করে শুক্রবার সংসদ চত্বরে প্রতীকী প্রতিবাদ জানান তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। গায়ে লাল সিলিন্ডারের স্টিকার লাগানো সাদা টি-শার্ট পরে মৌন প্রতিবাদে শামিল হন তিনি। ডেরেক প্রশ্ন তোলেন, সংসদের অধিবেশন চলাকালীন কেন এই গুরুত্বপূর্ণ বিষয়ে কক্ষের ভেতরে আলোচনা না করে কনফারেন্স রুমে বৈঠক ডাকা হলো।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা অনুযায়ী এই অভিনব প্রতিবাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবও এই ভিডিও শেয়ার করে সরকারকে তীব্র কটাক্ষ করেন। তিনি অভিযোগ করেন, বর্তমানে সিলিন্ডারে গ্যাসের পরিমাণ কমিয়ে দেওয়া হচ্ছে। কোভিডকালে মোদির থালা বাজানোর আহ্বানের প্রসঙ্গ টেনে অখিলেশ উপহাস করে বলেন, পরিস্থিতি যা দাঁড়াচ্ছে, তাতে এবার সাধারণ মানুষকে থালার বদলে খালি সিলিন্ডারই বাজাতে হবে।
বিরোধীদের দাবি, পশ্চিম এশিয়ার অস্থিরতায় পেট্রল, ডিজেল ও এলপিজির যে সংকট তৈরি হয়েছে, তার দায় সরকার এড়াতে পারে না। প্রধানমন্ত্রী কেন সংসদে এসে এই পরিস্থিতির ব্যাখ্যা দিচ্ছেন না, তা নিয়েও সরব হয়েছেন ডেরেক ও’ব্রায়েন। সরকার গ্যাসের যোগান স্বাভাবিক রাখার দাবি করলেও বাস্তবে সাধারণ মানুষ সংকটের সম্মুখীন হচ্ছে বলে বিরোধীরা অভিযোগ তুলেছেন। এই রাজনৈতিক চাপানউতোরের মধ্যে রান্নার গ্যাসের মূল্য ও সরবরাহ নিয়ে দেশজুড়ে উদ্বেগ বাড়ছে।

