গ্যাস সংকটে স্তব্ধ অযোধ্যার ‘সীতা রসোই’, সংসদে সরব তৃণমূল – এবেলা
এবেলা ডেস্কঃ
দেশে তীব্র বাণিজ্যিক গ্যাস সংকটের জেরে অযোধ্যার রাম মন্দিরের ‘সীতা রসোই’ ও ‘রাম রসোই’-তে প্রসাদ বিতরণ বন্ধ হয়ে গিয়েছে। ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাবে সৃষ্ট এই পরিস্থিতিতে দিল্লি হাইকোর্টের ক্যান্টিনসহ সারা দেশের বহু হোটেল ও রেস্তরাঁ কার্যত অচল। মধ্যবিত্তের রান্নাঘরের পাশাপাশি মন্দিরের হেঁশেলেও অরন্ধন চলায় দেশজুড়ে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এই ইস্যু নিয়ে শুক্রবার সংসদে সরব হন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ ও মহুয়া মৈত্র। কীর্তি আজাদ অভিযোগ করেন, সরকার গ্যাসের পর্যাপ্ত মজুত থাকার দাবি করলেও বাস্তবে সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষ সংকটে পড়েছেন। মহুয়া মৈত্র কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরির তথ্যের অসংগতি তুলে ধরে দাবি করেন, সরকার আগে ৭৫ দিনের মজুত বললেও এখন মাত্র ২৫ দিনের কথা বলছে।
তৃণমূলের পাশাপাশি সমাজবাদী পার্টিও এই ঘটনায় সরব হয়েছে। অযোধ্যার সাংসদ অবধেশ প্রসাদ প্রসাদ বিতরণ পুনরায় চালুর দাবিতে ধরনার হুঁশিয়ারি দিয়েছেন। বিরোধীদের দাবি, নির্বাচনী প্রচার ছেড়ে প্রধানমন্ত্রী অবিলম্বে সংসদে এসে এই জ্বালানি বিপর্যয় ও জনদুর্ভোগের ব্যাখ্যা দিন। পরিস্থিতি সামাল দিতে না পারায় সরকারের কড়া সমালোচনা করেছে বিরোধী শিবির।

