লেটেস্ট নিউজ

গ্যাস সিলিন্ডার বুকিংয়ে সাইবার জালিয়াতি, সাধারণ মানুষকে সতর্ক করল পুলিশ – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় দেশে এলপিজি সিলিন্ডারের কৃত্রিম সংকটের আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে তাড়াহুড়ো করে গ্যাস বুক করার প্রবণতা বেড়েছে। এই সুযোগে সক্রিয় হয়ে উঠেছে সাইবার অপরাধীরা। গ্যাস এজেন্সির প্রতিনিধি সেজে দ্রুত ডেলিভারির প্রলোভন দেখিয়ে স্ক্যামাররা সাধারণ গ্রাহকদের ফোন বা মেসেজ করছে। ইন্টারনেটে পাওয়া ভুয়ো নম্বরে ফোন করে বা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করে ওটিপি শেয়ার করলেই মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

দিল্লি পুলিশ এই বিষয়ে কড়া সতর্কতা জারি করেছে। জালিয়াতি চক্রগুলো মূলত হোয়াটসঅ্যাপ বা মেসেজে ‘স্টক শেষ হওয়ার আগে বুক করুন’ কিংবা ‘তাত্ক্ষণিক ডেলিভারি’র টোপ দিয়ে ভুয়ো ওয়েবসাইটের লিঙ্ক পাঠাচ্ছে। সেখানে পেমেন্ট করতে গিয়ে গ্রাহকরা ক্রেডিট কার্ড বা ইউপিআই পিন শেয়ার করলেই প্রতারণার শিকার হচ্ছেন। অথচ সরকার ও রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি স্পষ্ট জানিয়েছে যে, বর্তমানে গ্যাসের কোনো বড় ঘাটতি নেই এবং নিয়মিত সরবরাহ বজায় রয়েছে।

নিরাপদ থাকতে পুলিশ সর্বদা অফিসিয়াল অ্যাপ, ওয়েবসাইট বা নির্দিষ্ট আইভিআরএস (IVRS) নম্বরের মাধ্যমে গ্যাস বুক করার পরামর্শ দিয়েছে। কোনো অপরিচিত নম্বর থেকে আসা কল বা লিঙ্কে বিশ্বাস না করার অনুরোধ জানানো হয়েছে। কোনো গ্রাহক যদি এমন জালিয়াতির সম্মুখীন হন, তবে দ্রুত ব্যবস্থা নিতে জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর ১৯৩০-এ কল করতে অথবা সরকারি পোর্টালে অভিযোগ জানাতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *