গ্রিনল্যান্ড ইস্যুতে সংঘাত: আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করল ইউরোপীয় ইউনিয়ন – এবেলা
এবেলা ডেস্কঃ
গ্রিনল্যান্ড দখল নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অনড় অবস্থানের জেরে আমেরিকার সঙ্গে বড়সড় বাণিজ্যিক সংঘাতে জড়াল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবার সুইৎজ়ারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে নিজের পরিকল্পনা পুনর্ব্যক্ত করার পরেই পাল্টা কড়া পদক্ষেপ নিল ইইউ পার্লামেন্ট। আমেরিকার সঙ্গে প্রস্তাবিত গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি অনুমোদনের প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে তারা।
মূলত গ্রিনল্যান্ড অধিগ্রহণের পথে ইউরোপীয় দেশগুলি বাধা হয়ে দাঁড়ালে তাদের ওপর অতিরিক্ত শুল্ক চাপানোর হুমকি দিয়েছিলেন ট্রাম্প। যদিও বুধবার ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর সেই শুল্কের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসার ইঙ্গিত দেন তিনি, তবুও গ্রিনল্যান্ডের খনিজ সম্পদের ওপর থেকে দাবি সরাননি। ট্রুথ সোশ্যালে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, গ্রিনল্যান্ডের প্রায় ৫ ট্রিলিয়ন ডলার মূল্যের প্রাকৃতিক সম্পদের ওপর অধিকার চায় আমেরিকা।
ট্রাম্পের এই ‘একতরফা’ আচরণের প্রতিবাদে সরব হয়েছেন ইইউ পার্লামেন্টের সদস্যরা। আগে থেকেই অভিযোগ ছিল যে, টার্নবেরি চুক্তির অধীনে ইউরোপকে আমদানিতে শুল্ক কমাতে বলা হলেও আমেরিকা নিজে ১৫ শতাংশ শুল্ক বজায় রাখতে চাইছে। এই বৈষম্যমূলক আচরণের মাঝেই ট্রাম্পের নতুন হুমকিতে ক্ষুব্ধ ইইউ। পার্লামেন্টের বাণিজ্য বিষয়ক কমিটির চেয়ারম্যান বার্ন্ড লাঙ্গে ব্রাসেলসে জানান, বর্তমান পরিস্থিতিতে ওই চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা স্থগিত থাকবে। ২৬ ও ২৭ জানুয়ারি এই বিষয়ে যে ভোটাভুটি হওয়ার কথা ছিল, তাও বাতিল করা হয়েছে।

