গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ নয় ট্রাম্পের সুরে সুর মিলিয়ে ইউরোপকে চাপে ফেলল রাশিয়া – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড নিয়ে ভূ-রাজনৈতিক টানাপড়েন নতুন মোড় নিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের রেশ ধরে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, গ্রিনল্যান্ড প্রকৃতিগতভাবে ডেনমার্কের অংশ নয়। ট্রাম্প আগে অভিযোগ করেছিলেন যে, গ্রিনল্যান্ডে রুশ আগ্রাসনের ঝুঁকি থাকা সত্ত্বেও ডেনমার্ক কোনো পদক্ষেপ নিতে পারেনি। তবে রাশিয়া এই দ্বীপ দখলের পরিকল্পনা অস্বীকার করে সাফ জানিয়েছে, ওয়াশিংটন ভালো করেই জানে মস্কোর এমন কোনো আগ্রহ নেই। পুরো বিষয়টিকে ‘ঔপনিবেশিকতাবাদী চিন্তাধারা’ হিসেবে আখ্যা দিয়েছেন লাভরভ।
প্রায় ৩০০ বছর ধরে ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্প গত ১১ মাসে একাধিকবার আধিপত্য কায়েমের হুঁশিয়ারি দিয়েছেন। যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগে জানিয়েছিলেন যে, উত্তর মেরু অঞ্চলে ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে, তবে গ্রিনল্যান্ড ইস্যুটি একান্তই আমেরিকা ও ডেনমার্কের অভ্যন্তরীণ বিষয়। বর্তমানে ডেনমার্কের মূল ভূখণ্ড থেকে কয়েক হাজার কিলোমিটার দূরের এই স্বায়ত্তশাসিত দ্বীপটির বিদেশ ও প্রতিরক্ষা নীতি কোপেনহাগেন নিয়ন্ত্রণ করলেও, ট্রাম্প ও রাশিয়ার পাল্টাপাল্টি অবস্থানে বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে।

