গ্রিনল্যান্ড দখলে মরিয়া ট্রাম্পের বড় চাল, ভারত ইইউ চুক্তির আগেই ইউরোপের ওপর থেকে শুল্ক প্রত্যাহার – এবেলা
এবেলা ডেস্কঃ
আর্কটিক অঞ্চলের কৌশলগত ভূখণ্ড গ্রিনল্যান্ড দখলের লক্ষ্যে এবার নমনীয় অবস্থান নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২৭ জানুয়ারি ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্ভাব্য বাণিজ্য চুক্তি স্বাক্ষরের আগেই ইউরোপের আটটি দেশের ওপর থেকে ১০ শতাংশ আমদানিশুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনি। নাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে সুমেরু অঞ্চলের নিরাপত্তা নিয়ে আলোচনার পর ট্রাম্প এই সিদ্ধান্ত নেন। যদিও তিনি স্পষ্ট করেছেন যে, গ্রিনল্যান্ডের অধিকার ও নিয়ন্ত্রণ পেতে তিনি কোনো সামরিক শক্তি প্রয়োগ করবেন না, তবে দশকের পর দশক ধরে ইউরোপকে দেওয়া মার্কিন সাহায্যের বদলে এই ভূখণ্ডটি দাবি করা তাঁর অধিকার বলে মনে করেন।
অন্যদিকে ডেনমার্ক সরকার ট্রাম্পের এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে জানিয়েছে যে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং এর সার্বভৌমত্ব রক্ষা করা হবে। মার্কিন চাপের মুখে গ্রিনল্যান্ড প্রশাসন তাদের নাগরিকদের জরুরি পরিস্থিতির জন্য খাদ্য ও জ্বালানি মজুত রাখার নির্দেশ দিয়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিঁয়ার স্টারমারও অর্থনৈতিক হুমকির মুখে নতিস্বীকার না করার বার্তা দিয়েছেন। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে, ইউরোপীয় দেশগুলো এই প্রস্তাবে রাজি না হলে ভবিষ্যতে আমেরিকাকে দেওয়া তাদের বাণিজ্যিক সুবিধাগুলো খর্ব হতে পারে। বিশ্ব রাজনীতিতে এখন নজর ২৭ জানুয়ারির ভারত ও ইইউ চুক্তির দিকে, যা ট্রাম্পের এই কৌশলী পদক্ষেপের প্রধান অনুঘটক হিসেবে কাজ করছে।

