গ্রিসে ৪.৩ লক্ষ বছরের পুরোনো কাঠের সরঞ্জাম উদ্ধার, প্রস্তর যুগের নতুন ইতিহাস – এবেলা
এবেলা ডেস্কঃ
গ্রিসের একটি হ্রদের তীরে পাওয়া গেছে বিশ্বের অন্যতম প্রাচীন দুটি কাঠের সরঞ্জাম, যা প্রায় ৪ লক্ষ ৩০ হাজার বছরের পুরোনো। সোমবার ‘জার্নাল প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস’-এ প্রকাশিত গবেষণা অনুযায়ী, এর মধ্যে একটি ৮০ সেন্টিমিটার লম্বা সরু লাঠি, যা সম্ভবত কাদা খোঁড়ার কাজে ব্যবহৃত হতো। দ্বিতীয়টি উইলো বা পপলার গাছের কাঠের তৈরি একটি ছোট অংশ, যা পাথর খোদাই করে সরঞ্জাম তৈরির কাজে ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে।
বিলুপ্ত ইতিহাসের খোঁজ
বিজ্ঞানীদের মতে, সে সময়ের মানুষ পাথর ও হাড়ের পাশাপাশি কাঠের সরঞ্জামেও দক্ষ ছিল। সাধারণত কাঠ দ্রুত পচে যাওয়ায় এর প্রমাণ মেলা কঠিন, কিন্তু এই সরঞ্জামগুলো বরফ বা জলর নিচে সংরক্ষিত থাকায় টিকে গেছে। গবেষণার সহ-লেখক অ্যানিমিকে মিল্কস জানান, ৪ লক্ষ ৩০ হাজার বছর আগের এই নিদর্শনগুলো সরাসরি হাতে ছোঁয়া এক রোমাঞ্চকর অভিজ্ঞতা।
রহস্যময় কারিগর
খননস্থলে পাথরের হাতিয়ার ও হাতির হাড় পাওয়া গেলেও এখনও কোনো মানব দেহাবশেষ মেলেনি। ফলে এই সরঞ্জামগুলো নিয়ান্ডারথালরা ব্যবহার করত নাকি আদিম কোনো মানবগোষ্ঠী, তা এখনও স্পষ্ট নয়। প্রত্নতাত্ত্বিক জ্যারড হাটসন অবশ্য কিছুটা সাবধানী। তাঁর মতে, কাঠগুলো দেখতে খুব সাধারণ হওয়ায় এগুলোর সুনির্দিষ্ট ব্যবহার নিশ্চিতভাবে বোঝা কঠিন। তবে এই আবিষ্কার প্রাচীন প্রযুক্তির বিবর্তনে নতুন দিক উন্মোচন করবে বলে গবেষকদের বিশ্বাস।

