ঘন কুয়াশায় বিপর্যস্ত দিল্লি ১৬টি বিমানের পথ পরিবর্তন ও শতাধিক উড়ান বাতিল
প্রবল কুয়াশার চাদরে ঢেকেছে রাজধানী দিল্লি। মঙ্গলবার দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ১৬টি বিমানের গতিপথ বদলের পাশাপাশি ১১৮টি উড়ান বাতিল করা হয়েছে এবং প্রায় ১৩০০টি বিমানের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। রেল পরিষেবাতেও ব্যাপক প্রভাব পড়েছে, শতাধিক ট্রেন দেরিতে চলছে।
মৌসম ভবন দিল্লিতে লাল সতর্কতা জারি করে জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তর ভারতে ঘন কুয়াশা ও তীব্র শীত বজায় থাকবে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্ট অনুযায়ী বাতাসের গুণগত মানও এখন অত্যন্ত উদ্বেগজনক। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে নয়ডার সমস্ত স্কুল ১ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

