লেটেস্ট নিউজ

ঘাতকের বন্দুক ছিল ঘাড়ের কাছেই স্রেফ অলৌকিক শক্তিতে প্রাণ বাঁচল ফারুক আব্দুল্লাহর – এবেলা

এবেলা ডেস্কঃ

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহর ওপর বুধবার রাতে এক ভয়াবহ প্রাণঘাতী হামলা চালানো হয়। এনএসজির নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় ভেদ করে গ্রেটার কৈলাশ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে বর্ষীয়ান এই রাজনীতিবিদের ওপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় এক আততায়ী। স্রেফ অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেছেন তিনি। এই হাড়হিম করা ঘটনার পর নিজের প্রথম প্রতিক্রিয়ায় ফারুক আব্দুল্লাহ বলেন, “ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন, আমি এখন ভালো আছি।”

ভয়াবহ সেই মুহূর্তের স্মৃতিচারণ করে তিনি জানান, হামলাকারী তাঁর ঘাড়ের একদম কাছে চলে এসেছিল। শেষ মুহূর্তে এনএসজি ও অন্য নিরাপত্তাকর্মীরা ক্ষিপ্রতার সাথে তাকে ধরে ফেলেন এবং ফারুক আব্দুল্লাহকে দ্রুত গাড়িতে তুলে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। জেড প্লাস ক্যাটাগরির সুরক্ষা থাকা সত্ত্বেও কীভাবে একজন আততায়ী তাঁর এত কাছে পৌঁছাতে পারল, তা নিয়ে ইতিমধ্যে প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ অভিযুক্ত কমল সিং জামওয়ালকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। জম্মুর পুরানি মান্ডি এলাকার বাসিন্দা এই ব্যক্তির মধ্যে হামলার পর কোনও অনুতাপ দেখা যায়নি। উল্টে সে জানিয়েছে, দীর্ঘ ২০ বছর ধরে ফারুক আব্দুল্লাহকে হত্যার পরিকল্পনা করছিল সে। অভিযুক্তের দাবি অনুযায়ী, এটি ছিল তার ব্যক্তিগত লক্ষ্য। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনুষ্ঠান থেকে বেরোনোর সময় আচমকাই রিভলবার নিয়ে তাঁর দিকে তেড়ে আসে ওই ব্যক্তি। নিরাপত্তারক্ষীরা তাকে সরিয়ে দেওয়ায় গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে মাথার ওপর দিয়ে চলে যায়।

এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। বাবার ওপর হামলা নিয়ে তিনি বলেন, “স্রেফ আল্লাহর কৃপায় আজ তিনি আমাদের মধ্যে আছেন। লোডেড পিস্তল নিয়ে একজন ব্যক্তি কীভাবে জেড প্লাস এবং এনএসজি নিরাপত্তা বলয় ভেঙে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এত কাছে পৌঁছাতে পারল, তা নিয়ে উত্তরের চেয়ে প্রশ্নই বেশি। এই নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি অত্যন্ত গুরুতর।” বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *