ঘুলঘুলিতে ঢুকে ‘ফাঁদে’ চোর! বেরোতে না পেরে শেষে পুলিশের দ্বারস্থ—ভাইরাল ভিডিওতে চমক – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজস্থানের কোটা শহরে চুরি করতে গিয়ে এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হলেন এক যুবক। গত ৩ জানুয়ারি রাতে স্থানীয় বাসিন্দা সুভাষকুমার রাওয়াতের তালাবন্ধ বাড়িতে চুরির উদ্দেশ্যে ভেন্টিলেটরের এগজস্ট ফ্যানের গর্ত দিয়ে ঢোকার চেষ্টা করেন তিনি। কিন্তু মাঝপথেই শরীরের অর্ধেক অংশ ঘুলঘুলিতে আটকে যাওয়ায় চরম বিপত্তি ঘটে। বাড়ির মালিক ফিরে এসে চিৎকার শুরু করলে চোরের সঙ্গী পালিয়ে গেলেও অভিযুক্ত যুবক ওই গর্তেই দীর্ঘক্ষণ আটকে থাকেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পুলিশকর্মীরা মই ব্যবহার করে এবং ঘর ভেতর থেকে ধাক্কা দিয়ে অনেক কসরত করে ওই যুবককে উদ্ধার করছেন। বেশ কিছুক্ষণের প্রচেষ্টার পর তাঁকে ঘুলঘুলি থেকে বের করে হেফাজতে নেয় পুলিশ। আধুনিক যুগে পুরনো কায়দায় চুরি করতে গিয়ে এমন হাস্যকর ও বিড়ম্বনাকর পরিস্থিতি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা পুলিশের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁদের অভিযোগ, এলাকায় চুরির উপদ্রব ও সন্দেহভাজনদের আনাগোনা বাড়লেও পুলিশি টহলদারি যথেষ্ঠ নয়। এর আগে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছেন প্রতিবেশীরা। চোর হাতেনাতে ধরা পড়ায় এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ জনতা।

