চট্টগ্রামে হিন্দু পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা, চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে বাড়িতে অগ্নিসংযোগ! – এবেলা
এবেলা ডেস্কঃ
December 24, 202511:29 am
বাংলাদেশে ফের আক্রান্ত সংখ্যালঘু সম্প্রদায়। চট্টগ্রামের বাসিন্দা বাবু শুকুশীলের বাড়িতে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অগ্নিসংযোগে আসবাবপত্রসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেলেও পরিবারের সদস্যরা প্রাণ বাঁচাতে সক্ষম হন, তবে মৃত্যু হয়েছে এক পোষ্যের। ঘটনাস্থল থেকে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে একটি হুমকিমূলক ব্যানার উদ্ধার হয়েছে, যেখানে সম্পত্তি ও ব্যবসা ধ্বংসের ‘চূড়ান্ত সতর্কবার্তা’ দেওয়া হয়েছে।
ময়মনসিংহে দীপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার রেশ কাটতে না কাটতেই এই ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। ১৬ ডিসেম্বর রাতে দীপুকে হত্যার পর দেহ ঝুলিয়ে আগুন দেওয়ার অভিযোগ ওঠে, যার প্রতিবাদে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শিত হয়। সাম্প্রতিক এসব সহিংসতা ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার কূটনৈতিক সম্পর্কে আরও টানাপোড়েন সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

