চরম উত্তেজনায় কাঁপছে সীমান্ত! আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান – এবেলা
এবেলা ডেস্কঃ
ইসলামাবাদ ও কাবুল: সীমান্তের দীর্ঘদিনের উত্তেজনা এবার পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিল। চরম ধৈর্যচ্যুতির কথা ঘোষণা করে আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) গভীর রাতে অপারেশন ‘গজব লিল হক’-এর অধীনে আফগান তালিবান সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান এয়ার ফোর্স (PAF)। এই হামলায় অন্তত ৭২ জন তালিবান যোদ্ধা নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
খাজা আসিফের হুঁশিয়ারি
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ করা এক পোস্টে অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে লেখেন যে আমাদের ধৈর্যের সীমা পার হয়ে গিয়েছে। এখন আমাদের ও আপনাদের মধ্যে খোলা যুদ্ধ শুরু হলো। ইসলামাবাদের পক্ষ থেকে জানানো হয়েছে, কাবুল, কান্দাহার এবং পাকতিয়া প্রদেশের তালিবান প্রতিরক্ষা ঘাঁটিগুলোই ছিল তাদের প্রধান লক্ষ্য।
তালিবানের পাল্টা আঘাত
তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ পাকিস্তানের এই হামলার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে ভিন্ন দাবি করেছে তারা। মুজাহিদ জানিয়েছেন, পাকিস্তানের এই আগ্রাসনের জবাবে কান্দাহার এবং হেলমান্দ সীমান্ত দিয়ে পাক সেনাদের ওপর ব্যাপক পাল্টা আক্রমণ শুরু করেছে তালিবান বাহিনী।
সীমান্তের পরিস্থিতি অগ্নিগর্ভ
টোরাখাম সীমান্ত চৌকিসহ বিভিন্ন এলাকায় এখন দুই দেশের বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। আফগান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পাকিস্তানের গ্রাউন্ড অ্যাটাক বা স্থল অভিযানে অন্তত ৮ জন আফগান সেনা প্রাণ হারিয়েছেন। এছাড়া একটি শরণার্থী শিবিরে মর্টার শেল পড়ায় বেশ কয়েকজন বেসামরিক মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে এক মহিলার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
কাবুলে অবস্থানরত আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিকরা জানিয়েছেন, মাঝরাতেই তারা যুদ্ধবিমানের প্রচণ্ড শব্দ এবং একের পর এক শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠেন। বিস্ফোরণের পর প্রায় দুই ঘণ্টা ধরে সীমান্তের ওপার থেকে অনবরত গুলির লড়াইয়ের শব্দ পাওয়া গেছে।
উত্তপ্ত দক্ষিণ এশিয়া
গত কয়েক মাস ধরে সীমান্তে ছোটখাটো সংঘর্ষ চললেও, এভাবে সরাসরি যুদ্ধ ঘোষণা এবং বিমান হামলা দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করল। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, সন্ত্রাসবাদ দমনে আর কোনো আপস করা হবে না এবং এই অভিযান নির্দিষ্ট লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত চলবে।

