চরম লজ্জা! হোটেলের বিল মেটাতে বাসন মাজলেন পাকিস্তানের হকি তারকারা – এবেলা
এবেলা ডেস্কঃ
পাকিস্তানের ক্রিকেট নিয়ে যখন টালমাটাল অবস্থা, ঠিক তখনই দেশটির জাতীয় খেলা হকিতে নেমে এল এক অন্ধকার অধ্যায়। অস্ট্রেলিয়ার সিডনি সফরে গিয়ে যে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে শাকিব আম্মাদ বাটের দলকে, তা শুনে বিশ্ব ক্রীড়াঙ্গন স্তম্ভিত। অভিযোগ উঠেছে, অর্থাভাবে হোটেলের বিল পরিশোধ করতে না পারায় পাক ক্রিকেটারদের দিয়ে জোর করে হোটেলের বাসন মাজা এবং রান্নাঘর পরিষ্কার করার কাজ করানো হয়েছে।
সিডনি বিমানবন্দরে চরম লাঞ্ছনা
অধিনায়ক শাকিব আম্মাদ বাট দেশে ফিরে ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন, তারা যখন সিডনি বিমানবন্দরে পৌঁছান, তখন সেখানে তাদের দেখভালের জন্য কেউ ছিল না। এমনকি পরবর্তী গন্তব্যে যাওয়ার কোনো বন্দোবস্ত না থাকায় টানা ১৩ থেকে ১৪ ঘণ্টা বিমানবন্দরেই পড়ে থাকতে হয়েছিল গোটা দলকে। এরপর হোটেলে পৌঁছালে তাদের জানানো হয় যে, ফেডারেশনের পক্ষ থেকে কোনো অর্থই মেটানো হয়নি। পরিস্থিতির চাপে পড়ে জাতীয় দলের খেলোয়াড়রা সেখানে শ্রমিকের মতো কাজ করতে বাধ্য হন।
পিএইচএফ সভাপতির পদত্যাগ এবং তদন্তের নির্দেশ
এই খবর প্রকাশ্যে আসতেই পাকিস্তানে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চাপের মুখে পাকিস্তান হকি ফেডারেশনের (PHF) সভাপতি তারিক বুগতি ইতিমধ্যেই তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। তবে বিতর্ক দানা বেঁধেছে অন্য জায়গায়। পাকিস্তান স্পোর্টস বোর্ড দাবি করেছে, তারা এই সফরের জন্য এক কোটি টাকারও বেশি বরাদ্দ করেছিল। তাহলে সেই টাকা গেল কোথায়?
ঘটনার গুরুত্ব অনুধাবন করে খোদ প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ময়দানে নেমেছেন। এই বিশাল আর্থিক কেলেঙ্কারি এবং জাতীয় বীরদের অপমানের নেপথ্যে কারা রয়েছে, তা খুঁজে বের করতে সেনাবাহিনী এবং উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দেশের মান-সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার এই অপরাধে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে ক্রীড়াপ্রেমীরা।

