লেটেস্ট নিউজ

চরিত্র নিয়ে সন্দেহের জেরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নৃশংস খুন; হরিয়ানায় গ্রেফতার স্বামী

বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মেহককে (৩১) নৃশংসভাবে হত্যার অভিযোগে স্বামী অংশুলকে গ্রেফতার করেছে হরিয়ানার ঝাজ্জর পুলিশ। অভিযুক্ত পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। গত রবিবার রাতে স্ত্রীকে বাবার বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার পথে বদলি এলাকায় গাড়ি থামিয়ে এই হত্যাকাণ্ড ঘটায় অংশুল। প্রথমে শ্বাসরোধ এবং পরে মৃত্যু নিশ্চিত করতে কাঁচি দিয়ে স্ত্রীর গলা কেটে দেয় সে।

ঘটনাটি ধামাচাপা দিতে খুনের পর নিজেই ১১২ হেল্পলাইন নম্বরে ফোন করে ডাকাতির নাটক সাজায় অংশুল। সে দাবি করে, পথিমধ্যে ডাকাত দল তাদের ওপর হামলা চালিয়ে লুটপাট করেছে এবং মেহককে খুন করে খালের ধারে ফেলে পালিয়ে গিয়েছে। পুলিশ প্রাথমিকভাবে অভিযোগটি গুরুত্বের সাথে নিলেও পরবর্তীতে তদন্তে নেমে অংশুলের বয়ানে একাধিক অসঙ্গতি খুঁজে পায়। জেরার মুখে ভেঙে পড়ে নিজের অপরাধ কবুল করে অভিযুক্ত স্বামী।

পুলিশি তদন্তে উঠে এসেছে যে, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। সন্দেহের বশবর্তী হয়ে অভিযুক্ত ব্যক্তি আগে থেকেই সাথে করে কাঁচি নিয়ে বেরিয়েছিল। মৃতার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। ধৃতকে ইতিমত্যেই আদালতে পেশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *