চাকরি না ছেড়েই ভোটের ময়দানে? আইনি জালে ফেঁসে গেলেন তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন – এবেলা
এবেলা ডেস্কঃ
আন্তর্জাতিক অ্যাথলিট থেকে রাজনীতির আঙিনায় পা রাখতেই চরম বিপাকে স্বপ্না বর্মন। রেলের চাকরি থেকে ইস্তফা দেওয়া নিয়ে তৈরি হয়েছে জটিল আইনি জট। অভিযোগ উঠেছে, সরকারি পদ থেকে পদত্যাগ না করেই তিনি শাসকদলের প্রার্থী হিসেবে নাম লিখিয়েছেন। এই টানাপোড়েন এখন গড়াল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ পর্যন্ত।
রেল কর্তৃপক্ষের দাবি, তদন্ত চলাকালীন কোনোভাবেই ইস্তফাপত্র গ্রহণ করা সম্ভব নয়। তবে আদালতের শুনানিতে উঠে এসেছে এক নতুন মোড়। রেল জানিয়েছে, স্বপ্না যদি নিজের ভুল স্বীকার করেন এবং কোনো অবসরকালীন সুবিধা দাবি না করেন, তবেই তাঁকে ছাড়পত্র দেওয়ার কথা ভাবা যেতে পারে। এমনকি ক্যাজুয়াল লিভ চলাকালীন নেওয়া বেতনও তাঁকে ফেরত দিতে হতে পারে।
এদিকে তৃণমূলের পক্ষ থেকে পালটা অভিযোগ করা হয়েছে যে, উত্তরবঙ্গের মেয়ের জয় রুখতে ইচ্ছাকৃতভাবে রেল তথা কেন্দ্রীয় সরকার এই বাধা তৈরি করছে। স্বপ্নার আইনজীবী জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনে নতুন করে ইস্তফাপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। ১৬ তারিখের আগের আবেদনের পাশাপাশি কিছু বিশেষ শর্ত মানলে তবেই কাটবে এই গেরো। শুক্রবার পরবর্তী শুনানির দিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল।

