চাকরি নেই শুধু মাসিক ভাতা দেওয়ার নাম করে যুবকদের সঙ্গে প্রতারণা করছেন মুখ্যমন্ত্রী – এবেলা
এবেলা ডেস্কঃ
February 15, 202612:04 pm
রাজ্যে যুবসাথী প্রকল্পের আবেদন গ্রহণ শুরু হতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, রাজ্যে প্রায় ১০ লক্ষ শূন্যপদ থাকলেও নিয়োগ প্রক্রিয়া বন্ধ রেখে ১,৫০০ টাকার ভাতার টোপ দিয়ে বেকারদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। ২০১৩ সালের যুবশ্রী প্রকল্পের উদাহরণ টেনে তিনি দাবি করেন, লক্ষ লক্ষ আবেদনকারীকে দীর্ঘ সময় ধরে কোনো আর্থিক সহায়তা বা কর্মসংস্থান দেওয়া হয়নি।
শুভেন্দু অধিকারীর মতে, নিয়োগ দুর্নীতি ফাঁস হওয়ার ভয়েই রাজ্য সরকার স্থায়ী চাকরির পথ বন্ধ রেখেছে। শিক্ষক ও পুলিশ কনস্টেবল পদে কয়েক লক্ষ নিয়োগ বাকি থাকলেও বাজেটে তার সংস্থান নেই বলে তিনি সরব হন। পাল্টায় তৃণমূল কংগ্রেস মোদী সরকারের বছরে দুই কোটি চাকরির প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেছে। শাসক শিবিরের দাবি, বিজেপি জনবিচ্ছিন্ন হয়ে এসব ভিত্তিহীন অভিযোগ করছে এবং বাংলার মানুষ তাদের যোগ্য জবাব দেবে।

