লেটেস্ট নিউজ

চাবাহার বন্দরে মার্কিন বিমান হানা, মধ্য এশিয়ায় ভারতের বাণিজ্যপথে যুদ্ধের কালো মেঘ – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চাবাহার বন্দরে মার্কিন যুদ্ধবিমান হানা দিয়েছে বলে চাঞ্চল্যকর খবর পাওয়া গিয়েছে। সোমবার বন্দর সংলগ্ন পাহাড়ি এলাকায় অবস্থিত ইরানের একটি সামরিক ঘাঁটিতে এই হামলা চালানো হয় বলে সূত্রের খবর। ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে ওই এলাকায় মার্কিন যুদ্ধবিমানের উপস্থিতি লক্ষ্য করা গেলেও, ওয়াশিংটন বা তেহরান— কোনো পক্ষই এখন পর্যন্ত এই হামলার বিষয়ে সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি।

ভারতের জন্য চাবাহার বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার না করেই আফগানিস্তান ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ স্থাপনের এটিই প্রধান মাধ্যম। সাম্প্রতিক বাজেটে এই বন্দরের জন্য বরাদ্দ শূন্য করা হলেও, ইরান যুদ্ধের আবহে দিল্লির সঙ্গে তেহরানের কূটনৈতিক যোগাযোগ পুনরায় বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ভারতমুখী জাহাজগুলোকে হরমুজ প্রণালী পারাপারে ইরানের অনুমতির পরই এই হামলার ঘটনাটি ঘটল।

আসামর্থিত সূত্রে জানা গেছে, চাবাহারের মুক্ত বাণিজ্য এলাকার নিকটবর্তী সেনাছাউনিতে পরপর বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ভারতের কয়েকশ কোটি টাকা বিনিয়োগে নির্মিত এই বন্দরে যুদ্ধের আঁচ লাগায় অঞ্চলের ভূ-রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা ও বাণিজ্যিক স্বার্থে এই বন্দরের গুরুত্ব অপরিসীম হওয়ায় নয়াদিল্লি পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *