চিকিৎসক পেতে দেরিই কি কাল হলো রাহুলের? অভিনেতার মৃত্যুতে মুখ খুলল প্রযোজনা সংস্থা

চিকিৎসক পেতে দেরিই কি কাল হলো রাহুলের? অভিনেতার মৃত্যুতে মুখ খুলল প্রযোজনা সংস্থা

টেলিভিশন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুতে উত্তাল টলিউড। এই বিতর্কের মাঝেই এবার নীরবতা ভাঙল ‘ভোলে বাবা পার করে গা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই আকস্মিক দুর্ঘটনায় গোটা টিম মানসিকভাবে বিপর্যস্ত। ঠিক কী ঘটেছিল সেদিন, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে কথা বলা শুরু হয়েছে। স্বচ্ছতা বজায় রাখতে এই তদন্ত প্রক্রিয়ায় রাহুলের পরিবার বা আর্টিস্ট ফোরামের একজন প্রতিনিধিকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে সংস্থা।

প্রযোজনা সংস্থার ডিরেক্টর শৈবাল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শুটিং চলাকালীন জলে ডুবে যাওয়ার পর রাহুলকে যখন উদ্ধার করা হয়, তখন তিনি জীবিত ছিলেন এবং কিছু বলার চেষ্টাও করেছিলেন। দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলেও সেখানে কোনো চিকিৎসকের দেখা মেলেনি। সংস্থার দাবি, প্রথম পর্যায়ে দ্রুত চিকিৎসা ও চিকিৎসক পাওয়া গেলে হয়তো প্রাণ বাঁচানো সম্ভব হতো অভিনেতাকে। পরবর্তীতে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে প্রশাসনিক ও আইনি জটিলতা নিরসনে যাবতীয় নথি ও শুটিংয়ের ভিডিও ফুটেজ তদন্তকারী কর্তৃপক্ষের হাতে তুলে দিতে প্রস্তুত সংস্থা। অন্যদিকে, লীনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকা নিয়ে ওঠা প্রশ্নের প্রেক্ষিতে জানানো হয়েছে যে, তিনি মূলত সৃজনশীল প্রধান হিসেবে যুক্ত ছিলেন, পরিচালনার দায়িত্বে নন। এমনকি নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে লীনা দেবী প্রয়োজনে মহিলা কমিশনের চেয়ারপার্সন পদ থেকেও সরে দাঁড়াতে রাজি আছেন। কোনো গাফিলতি ছিল কি না, তা পূর্ণাঙ্গ রিপোর্টের মাধ্যমেই স্পষ্ট করা হবে বলে আশ্বস্ত করেছে প্রযোজনা সংস্থা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *