চিকিৎসার নামে জরায়ু লোপাট! স্বামী উদিত নারায়ণের বিরুদ্ধে বিস্ফোরক স্ত্রী রঞ্জনা
বিখ্যাত গায়ক উদিত নারায়ণের বিরুদ্ধে জরায়ু চুরির মারাত্মক অভিযোগ তুললেন তাঁর প্রথম স্ত্রী রঞ্জনা ঝা। বিহারের সুপল মহিলা থানায় দায়ের করা অভিযোগে তিনি জানান, ১৯৯৬ সালে চিকিৎসার অছিলায় দিল্লির এক হাসপাতালে তাঁর জরায়ু অপসারণ করা হয়। এই ষড়যন্ত্রে উদিতের দ্বিতীয় স্ত্রী দীপা ও গায়কের দুই ভাইও জড়িত বলে দাবি করেছেন তিনি। ২০০৬ সালে মুম্বই ও নেপালে গিয়েও তিনি স্বামী এবং শ্বশুরবাড়ির পক্ষ থেকে চরম লাঞ্ছনার শিকার হন।
দীর্ঘ বঞ্চনার পর অবশেষে আইনি লড়াইয়ের পথে হাঁটছেন রঞ্জনা। তিনি জানান, বহু বছর পর শারীরিক সমস্যার কারণে ডাক্তার দেখাতে গিয়ে তিনি এই অঙ্গহানির কথা জানতে পারেন। ১৯৮৪ সালে বিয়ের পর উদিত তাঁকে রেখে মুম্বই চলে যান এবং গোপনে দ্বিতীয় বিয়ে করেন। বর্তমানে অসুস্থ ও অসহায় রঞ্জনা স্বামীর কাছ থেকে কোনো সহযোগিতা না পেয়েই পুলিশের দ্বারস্থ হয়েছেন। প্রশাসন এই হাই-প্রোফাইল অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।

