লেটেস্ট নিউজ

চুঁচুড়া আদালতে বোমা আতঙ্ক: জেলা জজকে ইমেল পাঠিয়ে বিস্ফোরণের হুমকি

মঙ্গলবার চুঁচুড়া জেলা আদালতে বোমা আতঙ্ক ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। বেলার দিকে জেলা জজকে পাঠানো একটি হুমকিমূলক ইমেলে জানানো হয় যে, আদালত চত্বরে আরডিএক্স বিস্ফোরণ ঘটানো হবে। এই বার্তা পাওয়ার পরই তড়িঘড়ি চন্দননগর পুলিশ কমিশনার ও পুলিশ সুপারকে বিষয়টি জানানো হয় এবং পুলিশি তৎপরতা শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চন্দননগর পুলিশের স্পেশাল ব্রাঞ্চ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আদালত চত্বরে আসা সাধারণ মানুষদের মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হয়। নিরাপত্তা নিশ্চিত করতে এবং আতঙ্ক রুখতে আদালত জুড়ে কড়া নজরদারি চালায় পুলিশ। চন্দননগর পুলিশ কমিশনার কোটেশ্বর রাও জানান, সন্দেহভাজন গতিবিধি বা বস্তুর ওপর বিশেষ নজর রাখা হচ্ছে।

বিস্ফোরণের হুমকির জেরে মঙ্গলবার আদালতের সমস্ত কাজ স্থগিত হয়ে যায়। জনৈক আইনজীবীর মতে, এসআইআর সংক্রান্ত সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের ফলে সংক্ষুব্ধ কোনো পক্ষ এই কাজ করে থাকতে পারে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এসআইআর-এর কাজে সহায়তার জন্য ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে বিচারক নিয়োগের অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। বর্তমানে জেলা জুড়ে তল্লাশি অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *