চুড়িদার পরেই বাধা! স্কুলে ঢুকতে না পেরে গেটে ধর্নায় হেডমিস্ট্রেস, মামলা রুজু – এবেলা
এবেলা ডেস্কঃ
কেরালায় পোশাক বিতর্ক ঘিরে চাঞ্চল্যকর ঘটনা। চুড়িদার পরে স্কুলে এসেছিলেন এক হেডমিস্ট্রেস, কিন্তু গেটের সামনে তাঁকে আটকে দেন ওয়াচম্যান। ঘটনাটি ঘটে কোল্লাম জেলার কোট্টারাক্কারা এলাকার একটি এইডেড স্কুলে। হেডমিস্ট্রেস সিন্ধুকে স্কুলে ঢুকতে না দিয়ে গেট বন্ধ করে দেওয়ায় তীব্র ক্ষোভ ছড়ায়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় ওয়াচম্যানকে সাসপেন্ড করা হয়েছে এবং স্কুল ম্যানেজারের ভূমিকা নিয়েও তদন্ত শুরু হয়েছে।
ঘটনাটি ঘটে ৪ ফেব্রুয়ারি। ওয়াচম্যান শশাঙ্ক জানিয়েছেন, চুড়িদার পরে এলে কাউকে স্কুলে ঢুকতে না দেওয়ার নির্দেশ তিনি স্কুল ম্যানেজারের কাছ থেকেই পেয়েছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে হেডমিস্ট্রেস স্কুল গেটের সামনে ধর্নায় বসেন এবং পুলিশে অভিযোগ জানান। পরে পুলিশ এসে আলোচনার মাধ্যমে তাঁকে স্কুলে প্রবেশের অনুমতি দেয়। যদিও ম্যানেজার সুরেশ কুমার অভিযোগ অস্বীকার করেছেন, তবু বিতর্কের জেরে ওয়াচম্যানের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। হেডমিস্ট্রেস সিন্ধুর অভিযোগ, তাঁর সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে এবং তিনি ন্যায়বিচারের লড়াই চালিয়ে যাবেন।

