চোখের পলকে ধ্বংস হবে ড্রোনের ঝাঁক, দেশীয় ভার্গবস্ত্রের শক্তিতে কাঁপছে শত্রুপক্ষ – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রতিরক্ষা ক্ষেত্রে বিশ্বকে চমকে দিয়ে ভারত উন্মোচন করল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘ভার্গবস্ত্র’। মহারাষ্ট্রের নাগপুরের সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেড দ্বারা নির্মিত এই সিস্টেমটি মাত্র ১০ সেকেন্ডে একসাথে ৬৪টি মাইক্রো মিসাইল উৎক্ষেপণ করতে সক্ষম। যেখানে বিশ্বের আধুনিকতম প্রতিরক্ষা ব্যবস্থাগুলো একবারে সর্বোচ্চ ৪টি ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে, সেখানে ভারতের এই উদ্ভাবন শত্রুপক্ষের ড্রোনের ঝাঁক নির্মূল করতে এক অনন্য রেকর্ড গড়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একে ‘আত্মনির্ভর ভারত’-এর এক বিশাল অর্জন হিসেবে উল্লেখ করেছেন।
দুই স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পন্ন এই ভার্গবস্ত্র ৬ থেকে ১০ কিলোমিটার দূর থেকেই শত্রু ড্রোন শনাক্ত করতে পারে এবং ২.৫ কিলোমিটার পাল্লার মধ্যে নির্ভুল নিশানায় সেগুলোকে ধ্বংস করে। মরুভূমি থেকে শুরু করে তুষারাবৃত পাহাড়—যেকোনো প্রতিকূল পরিবেশে এটি কার্যকর। সাশ্রয়ী মূল্যের এই মোবাইল প্ল্যাটফর্মটি চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান ড্রোন হুমকি মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনীর জন্য এক শক্তিশালী ঢাল হিসেবে কাজ করবে। ২০২৫ সালের সফল পরীক্ষার পর এই প্রযুক্তি এখন আকাশসীমায় দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও দুর্ভেদ্য করে তুলল।

