লেটেস্ট নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে গোলের বন্যা ইয়ামালের ম্যাজিকে হার বাঁচাল বার্সেলোনা বিধ্বস্ত টটেনহ্যাম ও আটালান্টা – এবেলা

এবেলা ডেস্কঃ

ইউরোপসেরা হওয়ার লড়াইয়ে মঙ্গলবার রাতে গোল উৎসব দেখল ফুটবল বিশ্ব। চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে একদিকে যেমন আতলেতিকো মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ গোলের মালা পরাল প্রতিপক্ষকে, অন্যদিকে শেষ মুহূর্তের নাটকীয়তায় পরাজয় এড়াল বার্সেলোনা।

ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পারকে ৫-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আতলেতিকো মাদ্রিদ। ম্যাচের শুরুতেই টটেনহ্যাম গোলকিপার আন্তোনিন কিনস্কির মারাত্মক ভুলে ব্যাকফুটে চলে যায় স্পার্সরা। মাত্র ১৭ মিনিটের মাথায় তিন গোল হজম করে তারা। আতলেতিকোর হয়ে জোড়া গোল করেন জুলিয়ান আলভারেজ়। এছাড়া জালের ঠিকানা খুঁজে নেন মার্কোস লোরেন্তে, আঁতোয়া গ্রিজ়ম্যান এবং রবিন লে নরমান্ড। টটেনহ্যামের হয়ে ব্যবধান কমান পেদ্রো পোরো। বিরতির পর ওবলাকের ভুলে আরও একটি গোল পায় টটেনহ্যাম, তবে তা হার বাঁচানোর জন্য যথেষ্ট ছিল না।

অন্য ম্যাচে আটালান্টাকে ৬-১ গোলে চূর্ণ করেছে বায়ার্ন মিউনিখ। বায়ার্নের হয়ে জোড়া গোল করেন মাইকেল ওলিসে। গোলদাতাদের তালিকায় নাম লেখান জোসেপ স্টানিসিচ, সার্জ ন্যাব্রি, নিকোলাস জ্যাকসন ও জামাল মুসিয়ালা। আটালান্টার হয়ে সান্ত্বনাসূচক একমাত্র গোলটি করেন মারিয়ো পাসালিচ।

এদিকে নিউক্যাসলের ঘরের মাঠে হারতে হারতে রক্ষা পেয়েছে বার্সেলোনা। ম্যাচের শেষ দিকে হার্ভে বার্নসের গোলে এগিয়ে গিয়েছিল নিউক্যাসেল। তবে সংযুক্তি সময়ের চতুর্থ মিনিটে দানি অলমোকে বক্সে ফাউল করলে পেনাল্টি পায় বার্সা। স্পট কিক থেকে নিখুঁত শটে গোল করে বার্সেলোনাকে ১-১ সমতায় ফেরান তরুণ তুর্কি লেমিনে ইয়ামাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *