ছত্তিশগড়ে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ: প্রাণ হারালেন ৬ শ্রমিক – এবেলা
এবেলা ডেস্কঃ
ছত্তিশগড়: রাজ্যের বকুলাহিতে একটি স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন ৬ জন শ্রমিক। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতোই প্ল্যান্টে কাজ করছিলেন শ্রমিকরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই কারখানার একটি কয়লার চুল্লিতে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে সেখানে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের এলাকা কেঁপে ওঠে এবং স্থানীয়রা বিকট শব্দ শুনতে পান।
ঘটনাস্থলেই ৬ জন শ্রমিকের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে প্রশাসন।

