লেটেস্ট নিউজ

ছত্তিশগড়ে ৩৫ পড়ুয়ার কব্জিতে ব্লেডের ক্ষত, চাঞ্চল্য ছড়ালো স্কুল চত্বরে

ছত্তিশগড়ের একটি গ্রামীণ স্কুলে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ৩৫ জন ছাত্র-ছাত্রীর কব্জিতে ব্লেড দিয়ে কাটার দাগ মেলায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে ২১ জন ছাত্র এবং ১৪ জন ছাত্রী রয়েছে। অভিভাবকদের অভিযোগ, প্রায় এক মাস ধরে স্কুল চলাকালীন এই ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ তা নজরদারি করতে ব্যর্থ হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি বিষয়টি প্রকাশ্যে আসার পর স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন অভিভাবকরা।

ঘটনার তদন্তে নেমে স্থানীয় পুলিশ ও প্রশাসন যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছে। জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, খবর পাওয়ার পরেই শিক্ষার্থীদের মানসিক সহায়তার জন্য একটি বিশেষ কাউন্সেলিং দল পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে গেম বা ইন্টারনেটের প্রভাব খতিয়ে দেখতে অভিভাবকদের মোবাইল ফোন পরীক্ষা করা হলেও তেমন কোনো প্রমাণ মেলেনি। মনে করা হচ্ছে, সহপাঠীদের অনুকরণ করতে গিয়েই শিক্ষার্থীরা এমন বিপজ্জনক পথে পা বাড়িয়েছে।

বর্তমানে স্কুল চত্বরে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। শিক্ষার্থীরা ব্যাগে করে যাতে কোনো ধারালো বস্তু আনতে না পারে, সেদিকে কড়া নজর রাখছেন শিক্ষকরা। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, কেন এত সংখ্যক পড়ুয়া নিজেদের আঘাত করল, তার প্রকৃত উদ্দেশ্য এবং নেপথ্যের কারণ উদ্ঘাটনে বিস্তারিত তদন্ত প্রক্রিয়া জারি রাখা হয়েছে। ঘটনাটি শিক্ষা মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *