ছেলের খুনিকে এনকাউন্টার না করলে হবে না শেষকৃত্য – এবেলা
এবেলা ডেস্কঃ
বারাণসী: উত্তরপ্রদেশের বেনারসে উদয় প্রতাপ কলেজ ক্যাম্পাসের ভেতরেই সহপাঠীর গুলিতে প্রাণ হারালেন ২৩ বছর বয়সি ছাত্র সূর্য প্রতাপ সিং। শুক্রবার বেলা ১১টা নাগাদ সোশ্যাল সায়েন্স বিভাগের করিডরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মনজিৎ চৌহান নামে এক সহপাঠী একেবারে কাছ থেকে সূর্যকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালায়। বুক ও মাথায় গুলি লাগার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
এই ঘটনার পর রণক্ষেত্রের চেহারা নেয় কলেজ চত্বর। উত্তেজিত পড়ুয়ারা কলেজের গেট বন্ধ করে ব্যাপক ভাঙচুর চালায়, আক্রান্ত হন শিক্ষকরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। নিহতের বাবার সাফ হুঁশিয়ারি, অভিযুক্ত মনজিৎকে এনকাউন্টারে খতম না করা পর্যন্ত তিনি ছেলের শেষকৃত্য করবেন না।
পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত বিবাদের জেরে এই খুন। ঘাতক ছাত্র ঘটনার পর বাউন্ডারি দেওয়াল টপকে পালিয়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত মনজিৎ ও তার সহযোগী অনুজ ঠাকুরের খোঁজে তল্লাশি চালাচ্ছে। তবে কড়া নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে কীভাবে ক্যাম্পাসের ভেতর আগ্নেয়াস্ত্র পৌঁছাল, তা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।

