ছেলের জন্মদিনে ‘মা ও বাবা’ সম্বোধন মানসীর, তবে কি ভাঙল ঘর? – এবেলা
এবেলা ডেস্কঃ
টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্তের ব্যক্তিগত জীবন নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা। সম্প্রতি তাঁর ছোট ছেলের প্রথম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের এই খলনায়িকা। সেখানে ছেলেকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, “আমিই তোর মা এবং বাবা।” এই মন্তব্যের পর থেকেই অভিনেত্রীর বিবাহবিচ্ছেদের গুঞ্জন আরও তীব্র হয়েছে।
জন্মদিনের উদযাপনে মানসীর মেয়ে ও ঘনিষ্ঠদের দেখা গেলেও তাঁর স্বামীকে কোথাও দেখা যায়নি। গত বছর দ্বিতীয়বার মা হওয়ার সময় থেকেও মানসীর একাকী লড়াই নেটিজেনদের নজরে এসেছে। অন্তঃসত্ত্বা অবস্থায় নিজে গাড়ি চালিয়ে শুটিং বা হাসপাতালে যাওয়া থেকে শুরু করে যাবতীয় কাজ তিনি একাই সামলেছেন। সবক্ষেত্রেই তাঁর পাশে মা ও বোন থাকলেও স্বামীর অনুপস্থিতি বারবার প্রশ্ন তুলেছে।
মানসী নিজে মুখে বিচ্ছেদের কথা স্বীকার না করলেও তাঁর সাম্প্রতিক পোস্টটি অন্য ইঙ্গিত দিচ্ছে। “প্রতিটি শেষও বিশেষ হতে পারে”—অভিনেত্রীর এমন রহস্যময় বার্তায় অনেকেই মনে করছেন তাঁদের দাম্পত্য সম্পর্কের ইতি ঘটেছে। তবে জীবনযুদ্ধে হার না মেনে ‘সিঙ্গল মাদার’ হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার করেছেন তিনি। আপাতত নিজের কাজ ও সন্তানদের নিয়েই ব্যস্ত থাকতে চান এই অভিনেত্রী।

