লেটেস্ট নিউজ

জগন্নাথ মন্দিরের নিষিদ্ধ আকাশে ড্রোন ওড়ানোর দায়ে হুগলির দুই যুবক আটক – এবেলা

এবেলা ডেস্কঃ

ওড়িশার পুরীর জগন্নাথ মন্দির চত্বরে ড্রোন উড়িয়ে ছবি তোলার অভিযোগে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দুই বাসিন্দাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে মন্দিরের পবিত্র ‘নীলা চক্র’-এর কাছে একটি ড্রোন উড়তে দেখে মন্দির চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের তৎপরতায় বিষয়টি পুলিশকে জানানো হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, মন্দির থেকে প্রায় ৫০০ মিটার দূরে অবস্থিত একটি ভবন থেকে ড্রোনটি নিয়ন্ত্রণ করা হচ্ছিল। অভিযুক্তদের শনাক্ত করার পর পুলিশ দ্রুত সেখানে হানা দিয়ে দুজনকে হেফাজতে নেয়। ধৃতদের কাছ থেকে একটি ড্রোন, রিমোট কন্ট্রোল এবং মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। এয়ারক্রাফ্ট অ্যাক্টের আওতায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুরী পুলিশ।

উল্লেখ্য, বুধবার যখন মন্দিরের রত্নভাণ্ডারের অলঙ্কার গণনার প্রক্রিয়া চলছিল, ঠিক সেই সময়ই এই ড্রোন ওড়ানোর ঘটনাটি ঘটে। কড়া নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও এই অনভিপ্রেত ঘটনায় ভক্তদের মধ্যে সাময়িক আতঙ্ক তৈরি হয়। পুরীর পুলিশ সুপার জানিয়েছেন, বাজেয়াপ্ত হওয়া সরঞ্জামগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *