জঙ্গিপুরে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্র রঘুনাথগঞ্জ, পুড়ল ৪০টি দোকান – এবেলা
এবেলা ডেস্কঃ
মুর্শিদাবাদের জঙ্গিপুরে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে শুক্রবার ব্যাপক সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রঘুনাথগঞ্জের ফুলতলা এলাকায় একটি মসজিদের সামনে দিয়ে মিছিল যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে দুষ্কৃতীরা ভাঙচুর চালায় এবং প্রায় ৪০টি দোকানে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুম্মার নামাজের সময় উচ্চস্বরে বাদ্যযন্ত্র বাজানো নিয়ে বিবাদের সূত্রপাত। প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিল থেকে বাড়ি ও দোকানে হামলা চালানো হয় এবং সাধারণ পথচারীদের মারধর করা হয়। ঘটনায় গুরুতর আহত অবস্থায় জঙ্গিপুর পুরসভার এক কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।
বিজেপি ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে পরিকল্পিত অশান্তি সৃষ্টির অভিযোগ তুলেছে। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করার কাজ চলছে। নির্বাচনের মুখে এই সাম্প্রদায়িক উত্তেজনাকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক পুলিশি টহল জারি করা হয়েছে।

