জনসভায় করজোড়ে ক্ষমা চাইলেন শিশির অধিকারী! দলবদলের রাজনীতিতে শোরগোল – এবেলা
এবেলা ডেস্কঃ
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শুভেন্দু-পিতা তথা বর্ষীয়ান রাজনীতিক শিশির অধিকারীর এক মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। ভগবানপুরের ইঁটাবেড়িয়ার এক যোগদান সভায় তিনি অতীতের রাজনৈতিক সিদ্ধান্তের জন্য প্রকাশ্য মঞ্চে ভূমি স্পর্শ করে সাধারণ মানুষের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করেন। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, উন্নয়নমূলক প্রকল্পের শত শত কোটি টাকা তৃণমূল সরকার আটকে রেখে তার সুদ ভোগ করেছে।
বিজেপির এই মঞ্চ থেকেই পটাশপুরের প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ অমিত মণ্ডলের নেতৃত্বে প্রায় ৭০ জন তৃণমূল কর্মী গেরুয়া শিবিরে যোগ দেন। শিশির অধিকারীর এই ভোলবদল ও বিস্ফোরক মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, বার্ধক্যজনিত কারণেই তিনি বর্তমানে অপ্রাসঙ্গিক ও ভিত্তিহীন কথা বলছেন। ভোটের মুখে কাঁথির সাংসদের এই অবস্থান মেদিনীপুরের রাজনৈতিক সমীকরণকে আরও তপ্ত করে তুলেছে।

