‘জন গণ মন’ কি জাতীয় গান? মুখ্য নির্বাচন কমিশনারের ভুল ধরিয়ে তীব্র কটাক্ষ ব্রাত্য বসুর – এবেলা
এবেলা ডেস্কঃ
জাতীয় সঙ্গীত ও জাতীয় গানের পার্থক্য জানেন না খোদ দেশের মুখ্য নির্বাচন কমিশনার! মঙ্গলবার কলকাতায় সাংবাদিক বৈঠক চলাকালীন জ্ঞানেশ কুমারের একটি মন্তব্যকে কেন্দ্র করে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। এই ঘটনায় মুখ্য নির্বাচন কমিশনারের সাধারণ জ্ঞান নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
এদিন কলকাতায় সাংবাদিক বৈঠক করার সময় জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-কে ‘জাতীয় গান’ (National Song) হিসেবে উল্লেখ করেন জ্ঞানেশ কুমার। তাঁর এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। ব্রাত্য বসু নিজের এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়ে লেখেন, দেশের একজন সাংবিধানিক মর্যাদাসম্পন্ন ব্যক্তি হয়েও তিনি জানেন না কোনটি আমাদের জাতীয় সঙ্গীত আর কোনটি জাতীয় গান। একজন মুখ্য নির্বাচন কমিশনার কীভাবে এই ধরনের ভুল করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
এদিন সাংবাদিক বৈঠকে কমিশন স্পষ্ট করেছে, বাংলায় স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোট করতে তারা বদ্ধপরিকর। ভোটার তালিকায় স্বচ্ছতা বজায় রাখা এবং আইন-শৃঙ্খলার ওপর ভিত্তি করে দফায় দফায় ভোট করানোর ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রতিটি বুথে ১২০০-র বেশি ভোটার না রাখা এবং ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে কড়া নজরদারির আশ্বাসও দিয়েছে কমিশনের ফুল বেঞ্চ। তবে নির্বাচনের এই প্রস্তুতির আলোচনার মাঝেই মুখ্য নির্বাচন কমিশনারের একটি শব্দ বিভ্রাট এখন রাজ্য রাজনীতির চর্চার কেন্দ্রে।

