জমি কেলেঙ্কারি থেকে নারী নির্যাতন, ৪ পর্যবেক্ষকের কুর্কীতি ফাঁস করে নির্বাচন কমিশনকে নজিরবিহীন আক্রমণ তৃণমূলের – এবেলা
এবেলা ডেস্কঃ
নির্বাচন কমিশন কি এখন বিজেপির নিয়োগকারী সংস্থা? মালদহের পর এবার আরও চার জেনারেল অবজার্ভারের ‘অতীত রেকর্ড’ জনসমক্ষে এনে বিস্ফোরক অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। জমি কেলেঙ্কারি, কোটি টাকার অ্যাম্বুল্যান্স দুর্নীতি এবং নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগে বিদ্ধ আধিকারিকদের কেন বাংলার ভোটে পর্যবেক্ষক করে পাঠানো হলো, সেই প্রশ্ন তুলে কমিশনকে তুলোধোনা করল শাসকদল।
তৃণমূলের নিশানায় থাকা চার হেভিওয়েট আধিকারিকের তালিকা
- ধীরজ কুমার (গাজোল): মহারাষ্ট্রে থাকাকালীন ৮ হাজার কোটি টাকার অ্যাম্বুল্যান্স টেন্ডার কেলেঙ্কারিতে নাম জড়ানোর অভিযোগ।
- অজয় কাটেসারিয়া (বনগাঁ দক্ষিণ): সরকারি জমি ব্যক্তিগত মালিকানায় হস্তান্তরের অভিযোগে চার্জশিটভুক্ত হওয়ার দাবি।
- গন্দম চন্দ্রুডু (বালিগঞ্জ): পণ চেয়ে বধূ নির্যাতনের মতো চাঞ্চল্যকর মামলার খতিয়ান প্রকাশ।
- অরিন্দম ডাকুয়া (মধ্যমগ্রাম): ওড়িশার বিজেপি মুখ্যমন্ত্রীর প্রাক্তন ব্যক্তিগত সচিবকে কেন পর্যবেক্ষক করা হলো, তা নিয়ে প্রশ্ন।
কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘ভ্যানিশ কুমার’ বলে কটাক্ষ করে তৃণমূলের দাবি, অবাধ ভোটের নামে বেছে বেছে ‘কলঙ্কিত’ বা বিজেপি ঘনিষ্ঠদেরই পাঠানো হচ্ছে বাংলায়। নির্দোষদের হেনস্থা করতে কমিশন এখন ‘চোর-জোচ্চোরদের’ নিয়োগ করছে বলেও তীব্র আক্রমণ শানিয়েছে ঘাসফুল শিবির। এই ইস্যুতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

