লেটেস্ট নিউজ

জম্মু-কাশ্মীরে রমজানের চাঁদায় জঙ্গি অর্থায়ন রুখতে তৎপর যৌথ বাহিনী

রমজান মাসে জম্মু-কাশ্মীরে সাধারণ মানুষের থেকে চাঁদা তুলে জঙ্গিগোষ্ঠীগুলোর অর্থসাহায্য পাওয়ার ছক বানচাল করতে বড়সড় অভিযানে নেমেছে যৌথ বাহিনী। গোয়েন্দা সূত্রে খবর, সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টায় থাকা জইশ জঙ্গিরা বর্তমানে তীব্র আর্থিক সংকটে ভুগছে। এই পরিস্থিতি মোকাবিলায় তারা পবিত্র রমজান মাসকে হাতিয়ার করে জনৈক প্রতিনিধিদের মাধ্যমে অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।

উপত্যকায় জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের আর্থিক উৎস বন্ধ করতে কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। সম্প্রতি নিরাপত্তা সংস্থাগুলো প্রায় আট হাজার বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে, যা সাইবার অপরাধ ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দেশবিরোধী কাজে ব্যবহৃত হচ্ছিল। কিস্তওয়ারের জেলাশাসক পঙ্কজ কুমার শর্মা স্পষ্ট জানিয়েছেন, প্রশাসনের পূর্ব অনুমতি ছাড়া কোনোভাবেই বাড়ি বাড়ি গিয়ে চাঁদা সংগ্রহ করা যাবে না।

নিরাপত্তা নিশ্চিত করতে স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। ফিল্ড অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধির ওপর কড়া নজর রাখতে এবং চাঁদা সংগ্রহকারীদের পরিচয় যাচাই করতে। মূলত আন্তর্জাতিক প্রতারণা চক্র এবং জঙ্গিগোষ্ঠীগুলোর গোপন আঁতাত ভেঙে দিতেই উপত্যকাজুড়ে এই তল্লাশি ও সতর্কতামূলক অভিযান জারি রেখেছে সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *