জয়ের আগেই শান্তিপুরে সবুজ আবিরের হোলি, তৃণমূল প্রার্থীর প্রচার ঘিরে তুঙ্গে উন্মাদনা

রাজ্যে নির্বাচনী দামামা বাজতেই জোরকদমে ময়দানে নেমেছে রাজনৈতিক দলগুলি। এই আবহে নদীয়ার শান্তিপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে তৈরি হলো অকাল উৎসবের পরিবেশ। শুক্রবার নির্বাচনী প্রচার চলাকালীন গোটা এলাকা ঢেকে যায় সবুজ আবিরে। শব্দযন্ত্রের তালে তাল মিলিয়ে তৃণমূল কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস কার্যত বিজয় উৎসবের চেহারা নেয়, যা শান্তিপুরের রাজনৈতিক উত্তাপকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
এদিন এক অভিনব কায়দায় প্রচার সারতে দেখা যায় তৃণমূল প্রার্থীকে। একটি সুসজ্জিত ব্যাটারিচালিত ই-রিক্সার ওপর দাঁড়িয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন ব্রজকিশোর গোস্বামী। তাঁর সঙ্গে ছিল কয়েকশ বাইকের এক বিশাল শোভাযাত্রা। মিছিল থেকে ক্রমাগত সবুজ আবির উড়িয়ে উল্লাস প্রকাশ করেন অনুগামীরা। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে প্রার্থীকে স্বাগত জানান। অনেক জায়গায় বাড়ি থেকে বেরিয়ে এসে মহিলারা শঙ্খধ্বনি ও পুষ্পবৃষ্টির মাধ্যমে প্রার্থীকে বরণ করে নেন।
প্রচারের এই জনজোয়ারে বিশেষ নজর কেড়েছে নারী ও যুবসমাজের উপস্থিতি। মিছিল চলাকালীন ব্রজকিশোর গোস্বামী সাধারণ মানুষের খুব কাছে পৌঁছে যান এবং তাঁদের সঙ্গে সরাসরি জনসংযোগ করেন। মানুষের অভাব-অভিযোগ শোনার পাশাপাশি সরকারের উন্নয়নমূলক বার্তা পৌঁছে দেন তিনি। প্রার্থীর দাবি, মানুষের এই স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও বিপুল সমর্থন আগামী নির্বাচনে তাঁর জয় নিশ্চিত করবে। রাজনৈতিক মহলের মতে, ভোটের লড়াইয়ের আগে শান্তিপুরে তৃণমূলের এই শক্তি প্রদর্শন প্রতিপক্ষ শিবিরের ওপর বাড়তি মানসিক চাপ সৃষ্টি করল।
