লেটেস্ট নিউজ

জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে কেন্দ্রের বড় পদক্ষেপ: কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকাকরণ

দেশে মহিলাদের মধ্যে ক্রমবর্ধমান জরায়ুমুখের ক্যানসার নির্মূল করতে বড়সড় কর্মসূচি শুরু করছে কেন্দ্রীয় সরকার। আগামী কয়েক দিনের মধ্যেই দেশজুড়ে ১৪ বছর বয়সি কিশোরীদের বিনামূল্যে হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) টিকা দেওয়ার কাজ শুরু হবে। ২০২৪ সালের বাজেটে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে ২.৬ কোটি ডোজ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এই কর্মসূচির আওতায় অত্যন্ত কার্যকর ‘গার্ডাসিল’ টিকা ব্যবহার করা হবে, যা ক্যানসারের প্রধান কারণ রুখতে সক্ষম। খোলা বাজারে এই ভ্যাকসিনের প্রতিটি ডোজের দাম প্রায় ৩,৯২৭ টাকা হলেও, সরকারি অভিযানে কিশোরীরা এটি সম্পূর্ণ বিনামূল্যে পাবে। বিশেষজ্ঞ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে একটি ডোজই দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদানে যথেষ্ট বলে জানানো হয়েছে।

ভাইরাসের সংস্পর্শে আসার আগেই প্রতিরোধ গড়ে তুলতে ১৪ বছর বয়সকে আদর্শ সময় হিসেবে বেছে নেওয়া হয়েছে। আয়ুষ্মান আরোগ্য মন্দির ও সরকারি মেডিকেল কলেজগুলোতে এই পরিষেবা মিলবে। ভারতে প্রতি বছর প্রায় ৪২ হাজার মহিলার মৃত্যু রোধে এই ‘স্বাস্থ্য নারী’ উদ্যোগ জনস্বাস্থ্য রক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদী চিকিৎসকমহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *