জলদাপাড়ায় বুনো শুয়োরের হামলা থেকে শিশুকে বাঁচাল সারমেয় ‘ভুলি’ – এবেলা
এবেলা ডেস্কঃ
আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন পূর্ব মাদারিহাটে এক হাড়হিম করা ঘটনায় ছয় বছরের শিশুর প্রাণ বাঁচাল এক সাহসী সারমেয়। ঝুমা মন্ডল নামে এক স্থানীয় বাসিন্দার শিশুপুত্র একা রাস্তায় বেরিয়ে পড়লে একটি হিংস্র বুনো শুয়োর তাকে লক্ষ্য করে তেড়ে আসে। ঠিক সেই মুহূর্তে এলাকারই পরিচিত সারমেয় ‘ভুলি’ (মতান্তরে ঢুলি) রক্ষাকর্তা হিসেবে শিশুটির সামনে ঢাল হয়ে দাঁড়ায়।
বুনো জন্তুটির আক্রমণ থেকে শিশুটিকে রক্ষা করতে গিয়ে সারমেয়টি আসাম লড়াইয়ে অবতীর্ণ হয়। লড়াই চলাকালীন বুনো শুয়োরটি সারমেয়টির পেটে গুরুতর আঘাত করে তাকে রক্তাক্ত করলেও, ভুলি পিছু হঠেনি। কুকুরের চিৎকার ও লড়াই দেখে পরিবারের সদস্য এবং স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে শুয়োরটি পালিয়ে যায়। এতে নিশ্চিত বিপদের হাত থেকে রক্ষা পায় শিশুটি।
বর্তমানে সাহসী এই সারমেয়টি চিকিৎসাধীন এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। নিজের জীবন বাজি রেখে শিশুটিকে বাঁচানোর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুনো শুয়োরের শাবক রক্ষা করার প্রবণতা থেকেই এই আক্রমণ বলে মনে করছেন স্থানীয়রা। এই বীরত্বপূর্ণ কাজের জন্য পরিবেশপ্রেমী ও গ্রামবাসীরা সারমেয়টির অকুতোভয় মানসিকতার প্রশংসা করছেন।

