জলপাইগুড়িতে বৃদ্ধার গলাকাটা দেহ উদ্ধার: নিখোঁজ মুণ্ডুর সন্ধানে ড্রোনে তল্লাশি – এবেলা
এবেলা ডেস্কঃ
জলপাইগুড়ির বাহাদুর পঞ্চায়েতের চেকরচণ্ডী কামাত এলাকায় সাতসকালে এক বৃদ্ধার গলাকাটা দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম সমিজা খাতুন (৭৩)। শনিবার সকালে বাড়ির পাশের ড্রেন থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হলেও মুণ্ডুর হদিস মেলেনি। খবর পেয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করেছে এবং পুলিশ কুকুর ও ড্রোন ব্যবহার করে নিখোঁজ মুণ্ডুর সন্ধান চালানো হচ্ছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, সমিজা খাতুন তাঁর নাতির সঙ্গে রাতে ঘুমিয়েছিলেন। সকালে পরিবারের সদস্যরা তাঁকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে ড্রেনে তাঁর দেহটি দেখতে পান। পুলিশ সুপার অমরনাথ কে জানান, ব্যক্তিগত শত্রুতার জেরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। ঘটনাস্থলের পাশের একটি কাপড় ও কুয়োর পাড়ে রক্তের দাগ মেলায় ধারণা করা হচ্ছে, খুনের পর আততায়ী সেখানে হাত ধুয়েছিল।
মৃতার পরিবারে জমি নিয়ে বিরোধের তথ্য সামনে এসেছে, যা তদন্তের একটি প্রধান দিক হতে পারে। তিন ছেলে ও চার মেয়ের জননী সমিজার স্বামীর মৃত্যুর পর জমির ভাগাভাগি নিয়ে ছেলেদের মধ্যে বিবাদ চলছিল। বর্তমানে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। পুলিশ পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে এবং দ্রুত অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

