লেটেস্ট নিউজ

জলপাইগুড়ির পাঙ্গা নদীতে মাছের মড়ক, বিষপ্রয়োগের আশঙ্কায় তদন্তে মৎস্যদপ্তর – এবেলা

এবেলা ডেস্কঃ

জলপাইগুড়ির করলা নদীর পর এবার পাঙ্গা নদীতে ব্যাপক মাছের মড়ক দেখা দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে সিপাইপাড়া এলাকায় নদীর উপরিভাগে শয়ে শয়ে মরা মাছ ভেসে উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবরটি জানাজানি হতেই এলাকায় মাছ ধরার হুড়োহুড়ি পড়ে যায় এবং অনেকে সেই মাছ বাড়িতেও নিয়ে যান। ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও মৎস্যদপ্তরের আধিকারিকরা।

প্রাথমিক অনুমান, মাছ ধরতে নদীতে বিষপ্রয়োগ করা হয়ে থাকতে পারে। গত ৮ ফেব্রুয়ারি করলা নদীতেও একই কায়দায় বিষপ্রয়োগের ফলে প্রায় ৩০ প্রজাতির মাছ মারা গিয়েছিল। এক মাসের ব্যবধানে পাঙ্গা নদীতে একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন। মৎস্যদপ্তর জানিয়েছে, মৃত মাছ খেলে বিষক্রিয়ার সম্ভাবনা রয়েছে, তাই বাসিন্দাদের সচেতন করতে এলাকায় প্রচার শুরু হয়েছে।

নদীর জল পরীক্ষা করার প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর। কোনো অসাধু চক্র এই ঘটনার নেপথ্যে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত শুরু হয়েছে। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে আপাতত নদী থেকে মাছ ধরা এবং বাজারজাত করার ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে। করলা নদীর ঘটনার রেশ কাটতে না কাটতেই পাঙ্গা নদীর এই মড়ক মৎস্যজীবীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *